গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের দাপট চলছে। এরই ধারাবাহিকতায় আজও পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের এই দাপট অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায়ও সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ দিকে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
অন্যদিকে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।